Views Bangladesh Logo

শেরপুরে সাংবাদিক রানার জামিন

 VB  Desk

ভিবি ডেস্ক

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতে পৃথক দুটি ধারায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) অ্যাডিশনাল ডেপুটি ম‍্যাজিস্ট্রেট জেবুন নাহার রানার উভয় পক্ষের শুনানী শেষে অন্তবর্তীকালীন এ জামিনের আদেশ দেন।

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিউজ্জামান রানা। বিষয়টি জানিয়েছেন জেল সুপার হুমায়ুন কবীর খান।

জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজার বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুমের কাছে সাজা বাতিল ও জামিনের জন্য আপিল দায়ের করেন সাংবাদিক রানার আইনজীবীরা। পরে তিনি তা গ্রহণ ও শুনানীর জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের আদালতে পাঠান।

উল্লেখ্য, তথ্য অধিকার আইনে তথ্য চাইতে ৫ মার্চ বড় ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ইউএনওর দপ্তরে যান। তিনি তথ্য অধিকার আইনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও জাইকার কয়েকটি প্রকল্পের বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন এবং রিসিভড কপি চান। এতে ইউএনও সাদিয়া উম্মুল বানিন তার (শফিউজ্জামান) ওপর ক্ষুব্ধ হন এবং তাকে ও তার ছেলেকে গালাগাল করেন। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফকে ডেকে এনে ইউএনওর দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে (শফিউজ্জামান) দুটি ধারায় কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ