Views Bangladesh Logo

মৃত্যুর তিনদিন পর বকেয়া ১০ লাখ টাকা পেল সাংবাদিক পুলকের পরিবার

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা হস্তান্তর করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলকের স্ত্রী প্রিয়ঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই অর্থ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরিবার ও দপ্তর সূত্রে জানা যায়, ২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি বেকার ছিলেন। চাকরি হারানোর পর তিনি গভীর মানসিক কষ্টে ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে যান। এর একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর কাছে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেছিলেন। তার মৃত্যুর তিন দিন পর সেই পাওনা ১০ লাখ টাকা পরিবারের কাছে পৌঁছে দিল সমকাল কর্তৃপক্ষ।

পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়ঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতিকে রেখে গেছেন।

স্ত্রী ও কন্যার উদ্দেশে লেখা চিরকুটে পুলক ক্ষমা চেয়ে লিখেছিলেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না।’ ছোট ভাই দীপক চ্যাটার্জির প্রতিও তার স্ত্রী ও সন্তানকে আগলে রাখার আকুতি জানিয়েছিলেন বলে জানিয়েছে পরিবার।

এদিকে পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ