সাংবাদিক মুন্নি সাহা ও তার প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী ব্যবসায়ী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে বর্তমানে রয়েছে প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা।
শনিবার (২৪ মে) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে মুন্নি সাহা ও তার স্বামী বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে ব্যবহারের তথ্য উঠে আসে তদন্তে।
অভিযোগের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধে একটি অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মুন্নি সাহা ও তার সংশ্লিষ্টদের নামে ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যার মধ্যে বর্তমানে ৩৫টি চালু রয়েছে।
এই হিসাবগুলোতে এখন পর্যন্ত মোট ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা লেনদেনের রেকর্ড পাওয়া গেছে। বর্তমানে চালু ৩৫টি হিসাবেই রয়েছে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।
অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত ওই টাকাসহ সংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
সিআইডি জানিয়েছে, মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে