Views Bangladesh Logo

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, জাসদের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং সেখানে বৈঠক ও স্লোগানের খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, আটক ব্যক্তিদের পল্টন থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জাসদ কার্যালয় থেকে প্রথম দফায় ৩০ থেকে ৪০ জনকে থানায় নেওয়ার কথা জানালেও পরে ডিএমপি অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানায়। অভিযান চলমান রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এদিকে আবু জাফর সূর্য তার ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাকেসহ আরও কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। তিনি জানান, পরে তাকে পল্টন থানায় রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই শেষে তাদের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে আবু জাফর সূর্য নিজেকে জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক হিসেবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্য এবং পুলিশের অভিযোগ, দুটোই তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ