Views Bangladesh Logo

ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি, মুচলেকায় মুক্তি রাজীব ঘোষের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাঁর গ্রেপ্তার আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়। তাঁর সঙ্গে আটক হওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে অবশ্য মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ডিবি সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের হয়। মামলায় ইকবাল সোবহান চৌধুরী এজাহারভুক্ত আসামি। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই মামলাতেই ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয়ে যান ইকবাল সোবহান। সেখান থেকে তাঁকে ও রাজীব ঘোষকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যান গোয়েন্দা সদস্যরা। এরপর দুজনকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটকের পর বিকেলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন, ডিবিসি কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটি এড়াতেই তাঁদের নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তখন তিনি আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করেননি। পরে রাতে মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি জানানো হয়।

রাজীব ঘোষের প্রসঙ্গে ডিবির এই কর্মকর্তা জানান, সাংবাদিক রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। তাই জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়। মধ্যরাতে তিনি ছাড়া পান।

উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। তিনি ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান হিসেবেও পরিচিত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ