কেশবপুরে সাংবাদিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দিল এনসিপি
যশোরের কেশবপুরে আবদুল্লাহ আল মামুন (২৫) ওরফে স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক সাংবাদিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে কেশবপুর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে পাঠায় পুলিশ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আবদুল্লাহ আল মামুন যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক এবং মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য। তার বাড়ি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামে। তিনি সোলায়মান হোসেনের ছেলে। পেশাগত কারণে যশোর শহরে বসবাস করতেন।
পরিবারের অভিযোগ, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় পৌঁছালে এনসিপির সদস্যরা তাকে আটক করে মারধর করেন। পরে বিকালে তাকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এবং বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। এসব অভিযোগের ভিত্তিতে এনসিপির সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মারধরের বিষয়ে জানতে চাইলে সম্রাট হোসেন বলেন, যারা তাকে আটক করেছেন, তারা দু-একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।
অন্যদিকে, ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, তার ছেলে কোনো অন্যায় করেননি। তারপরও তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে যশোর আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন। সোমবার রাতে সংগঠনটির সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সদস্যদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুল্লাহ আল মামুন তাদের সংগঠনের সদস্য। রোববার বিকালে কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাংবাদিক ইউনিয়নের নেতারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
মতামত দিন