Views Bangladesh Logo

জামিনে মুক্তির এক মাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী

ঢাকার রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা সাংবাদিক আজহার আলী সরকার জামিনে মুক্তি পাওয়ার এক মাস ১০ দিন পর মারা গেছেন।

রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আজহার আলীকে রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী রোকসানা পারভীন। তিনি বলেন, শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে বেশি অসুস্থ হওয়ায় ১টা ১০ মিনিটের দিকে আমরা সেখান থেকে বের করি পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়ার জন্য। তখনই মারা গেছে রাস্তায়।

৫৭ বছর বয়সী আজহার আলী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বলে জানান রোকসানা পারভীন।

দুই ছেলে রেখে যাওয়া এই সাংবাদিকের জানাজা রোববার আসরের নামাজের পর রাজধানীর বনশ্রীর আইডিয়াল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

আজহার আলী সরকারকে গত বছরের ১০ অক্টোবর গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় ডিবির একটি দল বনশ্রীর বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যায়। পরদিন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে গ্রেপ্তারের পর ওই মামলাটি করা হয়েছিল।

এরপর থেকে আজহার আলী কারাগারে ছিলেন। অসুস্থতার কথা বিবেচনা করে আদালত গত ১৭ আগস্ট তাঁকে জামিন দেন।

আজহার আলী একসময় দৈনিক ‘আমাদের সময়’ ও ‘আজকের কাগজ’-এর মতো সংবাদমাধ্যমে কাজ করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাঘুরি করছিলেন মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে আটক করে এবং রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাঁর সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদ এবং জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকেও গ্রেপ্তার করা হয়।

পরে ওই মামলায় আজহার আলীকেও গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও গত ১৮ জুন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবির রমনা বিভাগের পরিদর্শক আখতার মোর্শেদ।

মামলাটি করা হয়েছিল মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও আব্দুল্লাহীল কাইউমসহ ১৬ জনকে আটকের পর। গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়ে ‘মবের শিকার’ হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে উল্টো মামলা দেওয়ার অভিযোগ রয়েছে।

ওই মামলায় আজহার আলীকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ছিল গত ২৯ জুন। সেদিন তাঁকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়।

পরিবারের পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানিয়ে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তখন তা মঞ্জুর হয়নি। কারাগারে থাকা অবস্থায় আজহার আলীর চিকিৎসা ঠিকমতো হচ্ছিল না বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। পরে ১৭ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ