মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত জামিন আদালত মঞ্জুর করেন। এভাবেই আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুই মামলাতেই জামিন পান।
তার আইনজীবী তাসলিমা জাহান জানান, এই অবস্থায় তার কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই।
এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।
পরদিন উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ৫ মার্চ উচ্চ আদালত তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে