জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
হাইকোর্ট সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।
তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না তিনি।
আদালতে তার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস। পরে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।
গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে হাকিম তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে