সাংবাদিক আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ ও হুমকি দেওয়ার অভিযোগে শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা অন্যরা হলেন—আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।
অভিযোগে বলা হয়, তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনে অংশগ্রহণকারী এবং শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
শাহবাগ থানার কর্তব্যরত অফিসার শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি এখনো মামলা আকারে রেকর্ড হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও অভিযোগকারীদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
মতামত দিন