নারীকে মারধরের ভিডিও করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
রাজধানীর বিজয় সরণিতে এক নারীকে পুলিশ সদস্যদের মারধরের দৃশ্য ভিডিও করায় এক সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হোসাইন বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশনে মোবাইল জার্নালিস্ট হিসেবে কর্মরত।
অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিজয় সরণি সিগন্যালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বুলবুল হোসাইন।
অভিযোগে তিনি বলেন, বিজয় সরণি সিগন্যালে তিনি দেখতে পান, বাকবিতণ্ডার জেরে কয়েকজন পুলিশ সদস্য এক নারীকে মারধর করছেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ঘটনার ভিডিও ধারণ শুরু করেন তিনি। এ সময় ভিডিও করতে দেখে প্রায় ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য তাঁর ওপর চড়াও হন এবং জোর করে একটি পুলিশ ভ্যানে তুলে নেন বলে অভিযোগ করেন তিনি।
বুলবুলের দাবি, ভ্যানে নেওয়ার পর পুলিশ সদস্যরা তাকে ভিডিও ধারণের কারণ জানতে চান এবং ভিডিও মুছে ফেলতে চাপ দেন। নিজের পেশাগত পরিচয় দেওয়ার পরও ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।
ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
বুলবুল হোসাইন বলেন, তিনি শুধু ঘটনার ভিডিও ধারণ করেছিলেন এবং ঘটনার বিষয়ে নারী ও পুলিশ সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকেই নির্যাতনের শিকার হতে হয়েছে।
তিনি আরও জানান, ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন