Views Bangladesh Logo

সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি ১ দিনের রিমান্ডে

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৮ বছর বয়সী অপূর্বকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। তবে শুনানি শেষে আদালত ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা জানান, রোববার (১৮ অক্টোবর) দুপুরে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আসামিকে আদালতে হাজির করা হয়। সোমবার শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার পর শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।

এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় ১৩ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন অপূর্ব। পরে তিনি জামিনে মুক্তি পান।

নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ