Views Bangladesh Logo

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। তবে ইচ্ছা করলেই যে কেউ অনলাইন পোর্টাল খুলে সংবাদমাধ্যম পরিচালনা করতে পারবেন না। এ ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, সরকার সাংবাদিকতার পথ সহজ করতে চায়। তবে অনলাইন পোর্টাল খোলার ক্ষেত্রে নিয়ম থাকতে হবে। নিবন্ধনপ্রক্রিয়া সহজ করা হবে, কিন্তু নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করার সুযোগ থাকবে না।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ এখন শুধু ফেসবুকেই আছে, অন্য কোথাও নেই। দলটির নেতাকর্মীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে দেশে অবস্থানরত অন্য নেতাকর্মীদেরও বিপদে ফেলছেন। তাঁরা অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংসতায় জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের খুঁজছে এবং গ্রেপ্তার করা হবে।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস এবং ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। ভবিষ্যতে আবারও জনগণের সমর্থন পেতে হলে তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ