হলিউড ‘ওয়াক অব ফেম’এ জশ গ্রোবান
বিশ্বখ্যাত গায়ক ও অভিনেতা জশ গ্রোবানের মুকুটে যুক্ত হলো আরেকটি বিশ্বজয়ী স্বীকৃতি। দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্মানস্বরূপ হলিউডের ঐতিহাসিক 'ওয়াক অব ফেম'-এ তার নামে একটি স্থায়ী তারকা উন্মোচন করা হচ্ছে। আগামী ৬ মে লস অ্যাঞ্জেলেসের ৬১২১ হলিউড বুলেভার্ডে অ্যামিবা রেকর্ডসের সামনে দুই হাজার ৮৪৩তম তারকা হিসেবে তার নাম খোদাই করা হবে।
হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ওয়াক অব ফেম প্রযোজক আনা মার্টিনেজ বলেন, 'জশ তার সংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে এক অসাধারণ মেলবন্ধন তৈরি করেছেন। দীর্ঘ সময় ধরে তাঁর সৃজনশীল কাজ আমাদের সমৃদ্ধ করেছে। রেকর্ডিং ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।'
তারকা উন্মোচনের দুই দিন পর, অর্থাৎ ৮ মে, মুক্তি পাচ্ছে জশের নতুন অ্যালবাম 'সিনেম্যাটিক'। ওয়ার্নার রেকর্ডসের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে জায়গা পেয়েছে 'দ্য গডফাদার', 'কাসাব্লাঙ্কা' এবং 'ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ'সহ বেশ কিছু বিখ্যাত চলচ্চিত্রের গান। একই দিনে তিনি গ্র্যামি হল অব ফেম গালাতে পারফর্ম করবেন, যেখানে তার রেকর্ড কোম্পানিকে 'ভিশনারি অব মিউজিক' পুরস্কারে সম্মানিত করা হবে।
জশ গ্রোবান এখন পর্যন্ত বিলবোর্ড ২০০ চার্টে তিনটি এক নম্বর অ্যালবাম উপহার দিয়েছেন। পাঁচবার গ্র্যামি মনোনয়ন পাওয়ার পাশাপাশি সেরা নাট্যমঞ্চ তারকার স্বীকৃতি 'টনি অ্যাওয়ার্ড'-এর জন্যও দুবার মনোনীত হয়েছেন তিনি। সংগীত ও অভিনয়ের পাশাপাশি মানবিক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন জশ। তার প্রতিষ্ঠিত 'ফাইন্ড ইয়োর লাইট ফাউন্ডেশন' সুবিধাবঞ্চিত শিশুদের শিল্পকলা ও সাংস্কৃতিক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে