তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: প্রতিমন্ত্রী
তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। নির্মাণাধীন আন্তর্জাতিক মানের বগুড়া বিমানবন্দরের পাশেই এই কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে ড্রোন কারখানা নির্মাণ করা হবে।
মীর শাহে আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। তাই বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে।
তিনি আরও জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে।
উল্লেখ্য, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরেই উন্নয়নের অপেক্ষায় ছিল। অতীতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি এর পাশে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মতামত দিন