Views Bangladesh Logo

ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করল যৌথ নদী কমিশনের প্রতিনিধি দল

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠকের অংশ হিসেবে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেছে দুই দেশের প্রতিনিধি দল।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায় বৃহস্পতিবার (২১ মে) বৈঠকের প্রথম দিনে ব্যারাজ সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে পানির প্রবাহ, গভীরতা ও নদীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা। পরে তারা ফারাক্কা ডাউনস্ট্রিমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে মাঠপর্যায়ে পরিদর্শন চালান।

প্রতিনিধিরা গঙ্গার পাশাপাশি ভাগীরথী ও পদ্মা নদীর জল বিভাজন স্থল এবং ফিডার ক্যানেল এলাকাও পরিদর্শন করেন। তবে পর্যবেক্ষণের বিস্তারিত ফলাফল সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা একে নিয়মিত বা রুটিন পর্যবেক্ষণ বলে উল্লেখ করেছেন।

এর আগে বাংলাদেশ প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছায় এবং পরদিন ফারাক্কায় গিয়ে পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেয়। তিন দিনের এই বৈঠকের প্রথম ধাপে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ শেষে প্রতিনিধিরা কলকাতায় ফিরে আসবেন। আগামী শনিবার সেখানে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে যাওয়ায়, নতুন চুক্তি নবায়নের আগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমান চুক্তি অনুযায়ী গঙ্গার পানিপ্রবাহ নির্দিষ্ট মাত্রার নিচে নামলে দুই দেশ সমান ভাগে পানি ভাগ করে নেয়। প্রবাহ বেশি থাকলে নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন হয়।

চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের অবস্থানে কিছু পার্থক্য রয়েছে বলে জানা গেছে, যেখানে নদীর প্রবাহ মাপার পদ্ধতি ও হিসাব নিয়ে আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ