মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ গ্রেনেড উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকারের সাতটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী।
উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সাউন্ড গ্রেনেড ও ৩টি স্মোক গ্রেনেড। ধারণা করা হচ্ছে, এই গ্রেনেডগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকার লাউতালা বস্তিতে এই অভিযান চলে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।
জানা গেছে, গ্রেনেড উদ্ধার অভিযানের সময়ে কাউকে আটক করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ তালিকা করে গ্রেনেডগুলো থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে