অক্টোবরের মধ্যে যোগদান শুরু ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী অক্টোবর মাসের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদানের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে কিছুটা বিলম্ব হলেও আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, যোগদান ও পদায়নের দাবিতে রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষক। তবে মন্ত্রণালয়ের এই ঘোষণার পর কর্মসূচি স্থগিত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মতামত দিন