Views Bangladesh Logo

কানে আজীবন সম্মাননা পেলেন জন ট্রাভোল্টা, বললেন ‘অস্কারের চেয়েও বেশি’

কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা অনারারি পাম দ’র পেয়েছেন হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা। শুক্রবার রাতে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’-এর প্রিমিয়ারের আগে আকস্মিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়।

ট্রফি হাতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন ৭২ বছর বয়সী এই অভিনেতা। নিজেকে সামলে তিনি বলেন, ‘এটি আমার কাছে অস্কারের চেয়েও বড়।’ ফরাসি ভাষায় যোগ করেন, ‘আমি পুরোপুরি অবাক, বিশ্বাস করতে পারছি না, আমার কল্পনাতেও ছিল না।’ কানের পরিচালক থিয়েরি ফ্রেমোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটা আমার জন্য এক বিনম্র মুহূর্ত।’

উল্লেখ্য, এবারের উৎসবে আজীবন সম্মাননাপ্রাপ্তদের তালিকায় আগেই ‘দ্য লর্ড অব দ্য রিংস’-খ্যাত পরিচালক পিটার জ্যাকসন এবং অভিনেত্রী ও গায়িকা বারবারা স্ট্রাইস্যান্ডের নাম ঘোষণা করা হয়েছিল। তবে ট্রাভোল্টার নাম শেষ পর্যন্ত গোপন রাখা হয়েছিল। অস্কারে সেরা অভিনেতা শাখায় দুবার মনোনীত হলেও সেই পুরস্কার এখনো অধরা তার।

ট্রাভোল্টা নির্মিত ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ তার নিজের লেখা ১৯৯৭ সালের একটি শিশুতোষ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি অ্যাডভেঞ্চার ছবি। এতে অভিনয় করেছেন তিনি নিজে এবং তার মেয়ে এলা ব্লু ট্রাভোল্টাও। প্রিমিয়ারে বাবার পাশে ছিলেন এলা ব্লু। ছবিটি আগামী ২৯ মে অ্যাপল টিভিতে মুক্তি পাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ