ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ফ্লেমিং, অধিনায়কত্বে ফিরলেন জো রুট
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নিচ্ছেন জো রুট। একই সঙ্গে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে ইংল্যান্ডের টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৫৩ বছর বয়সী ফ্লেমিং এর আগে কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে ১৭ বছরের দীর্ঘ সময়ে তিনি দলটিকে রেকর্ড পাঁচবার শিরোপা জিতিয়েছেন।
ফ্লেমিংয়ের সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামকে চলতি মাসের শুরুতে ইংল্যান্ড টেস্ট দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলের ধারাবাহিক ব্যর্থতা ও মাঠের বাইরের কয়েকটি ঘটনার পর এই সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ম্যাককালাম এখনো ইংল্যান্ডের সাদা বলের (সীমিত ওভারের) দলের দায়িত্বে থাকছেন।
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ছিলেন ৩৫ বছর বয়সী জো রুট। তার নেতৃত্বে ইংল্যান্ড ৬৫ টেস্টে ২৭টি জয় পেয়েছিল।
মতামত দিন