প্রজ্ঞাপনের দাবিতে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রার্থীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা সকাল সাড়ে ১১টার দিকে এই অবস্থান শুরু করে।
আন্দোলনের নেতারা সাংবাদিকদের জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না। এছাড়া আজকের মধ্যে তাদের দাবির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন না আসে, তাহলে তারা অনশন কর্মসূচি পালন করবেন।
এর আগে, জনপ্রশাসন সংস্কার কমিশন পুরুষদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর নির্ধারণের সুপারিশ করেছিল। ১৪ অক্টোবর সচিবালয়ে কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী এ তথ্য সাংবাদিকদের জানান।
আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ১৭ অক্টোবর কমিশনের কাছ থেকে বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসার প্রতিশ্রুতি ছিল। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে