Views Bangladesh Logo

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ১১তম গ্রেডের এই পদের পরীক্ষাটি শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে অনাকাঙ্ক্ষিত এই স্থগিতাদেশের পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও ঘটনার সঠিক তদন্তের দাবিতে তারা রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরীক্ষার্থীদের সূত্রে জানা যায়, সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে হলে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। তবে কেন্দ্রে ওএমআর শিট বিতরণ করার পরই যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষের তরফ থেকে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান জানান, পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

জানা গেছে, ২৪২টি পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে ৩ লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এ লক্ষ্যে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ