জবি শিক্ষকের ওপর হামলা: তিন ছাত্রদল নেতা বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তিন ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের আবু হেনা মুরসালিন, এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ইমরান হাসান ইমন। তারা সবাই জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
একই আদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান (রসায়ন বিভাগ, ২০১২-১৩ সেশন) ও মো. জাহিদুল ইসলামকে (দর্শন বিভাগ, একই সেশন)।
এ ছাড়া ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আজিজুল হাকিমকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে তিনি যদি কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ করেন, তাহলে কোনো ব্যাখা ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।
এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে ঘটে যাওয়া একটি সহিংস ঘটনার প্রেক্ষিতে। ওইদিন ছাত্রদলের নেতাকর্মীরা ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে মারধর করে বলে অভিযোগ ওঠে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি থামাতে গেলে ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামও শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত হন বলে জানা গেছে।
এ ছাড়াও গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি মো. ফয়সাল মুরাদ, প্রধান সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম আহ্বায়ক ফারুকসহ কয়েকজন নেতাকেও হামলার শিকার করা হয়, যাদের বিরুদ্ধেও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ছাত্রদল নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে