শিক্ষককে বরখাস্তের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছাত্রলীগ নিষিদ্ধের সমালোচনা করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সেকেন্দারকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিভাগের সব শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিভাগের শিক্ষার্থীরা। তারা শিক্ষক সেকেন্দারকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং তার বিরুদ্ধে স্লোগান ও ছবিতে জুতা নিক্ষেপ করেন।
একটি জাতীয় অনলাইন পোর্টালে লেখা কলামে ছাত্রলীগ নিষিদ্ধের সমালোচনা করে এটিকে ‘বুদ্ধিবৃত্তিক ভুল’ বলে অভিহিত করেছিলেন সহকারী অধ্যাপক সেকেন্দার । এর প্রতিবাদে তাকে দ্রুত সাময়িক বরখাস্ত করাসহ তার বেতন, ভাতা এবং অন্য সব সুযোগ-সুবিধা বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।
একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ জানাতে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা।
অন্যায়ভাবে একাডেমিক কমিটি অনুমোদিত ২০১৯ সাল থেকে সহকারী অধ্যাপক সেকেন্দারের নেয়া আর্থিক সুবিধাগুলো জব্দেরও দাবি করছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে তাকে বরখাস্ত করাসহ আইনানুগ ব্যবস্থা না নেয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে