জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ মে) রাতে উত্তেজিত শিক্ষার্থীরা প্রক্টর অফিসের গেট ও দেয়ালে ‘ব্যর্থ প্রক্টর অফিস’ এবং ‘অযোগ্য’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লিখে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে হয়রানি, সহিংসতা এবং নিরাপত্তাহীনতার একাধিক ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সবশেষ ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরিয়াল বডির ওপর শিক্ষার্থীদের আস্থার চরম সংকট তৈরি হয়েছে, যা তাদের পদত্যাগের দাবিকে আরও জোরালো করেছে।
বিক্ষোভে অংশ নেওয়া দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদ জেনিস বলেন, ‘আমাদের বর্তমান প্রক্টর দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক নিপীড়নের অভিযোগ উঠলেও কোনও ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর কার্যালয় সম্পূর্ণভাবে ব্যর্থ।’
একইভাবে ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘গত কয়েক মাসে ক্যাম্পাসে ধর্ষণচেষ্টা, নিপীড়ন ও হত্যাচেষ্টার মতো ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারেনি। তাই আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি।’
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘ আমরা দেখেছি, একদল শিক্ষার্থী প্রক্টর অফিসের দেয়ালে লিখছে। আন্দোলনের কোনো এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ এটি লিখেছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল এবং আল-বেরুনী হলের মধ্যবর্তী এলাকা সংলগ্ন অংশে এক ছাত্রীকে বহিরাগত এক ব্যক্তি টেনে হিঁচড়ে ঝোপের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালায়। এই ঘটনার পর থেকেই দ্রুত বিচার, নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক জবাবদিহিতার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বুধবার রাতেও তারা রেজিস্ট্রার ভবন ঘেরাও করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বুধবার বিকেলে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অপরাধী শনাক্ত বা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে