চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকদের আন্দোলন চতুর্থ দিনে পা দিয়েছে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে ফের কর্মবিরতি পালন করেন তারা, পাশাপাশি কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
আন্দোলনের ধারাবাহিকতায় শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশ অবরোধ করে রাখেন, যার ফলে ওই পথে যান চলাচলে বিঘ্ন ঘটে। উপজেলার নোয়াপাড়া-রাজেন্দ্রপুর এলাকায় কারখানাটির অবস্থান, আর সেখান থেকেই সকালে বিক্ষোভের সূচনা হয়। জেএমআই সিরিঞ্জ কারখানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মিলন হাজারী এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরপরই তারা ১৩ দফা দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করেছিলেন। সে সময় ছয় মাসের মধ্যে দাবি মেটানোর প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা। তবে দুই বছর পার হলেও কিছু ছোটখাটো বিষয় ছাড়া মূল দাবিগুলোর বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। এই ক্ষোভ থেকেই সোমবার থেকে সাত দফা দাবিতে নতুন করে আন্দোলনে নামেন তারা।
মতামত দিন