বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে বড় ধাক্কা এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করার অভিযোগে ভারতের শীর্ষ প্রতিষ্ঠান জিওস্টার বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে। একই কারণে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সম্প্রচার চুক্তিও বাতিল করা হয়েছে।
২০২৩ থেকে ২০২৭ মৌসুম পর্যন্ত বাংলাদেশে আইপিএল সম্প্রচারের অধিকার ছিল ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসের কাছে। তারা জিওস্টারের কাছ থেকে উপচুক্তির মাধ্যমে এই স্বত্ব পেয়েছিল। তবে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে সেই চুক্তি বাতিল করা হয়েছে।
জিওস্টার এক চিঠিতে জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ধারাবাহিকভাবে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করা হয়েছে। ফলে চলতি আসরে বাংলাদেশে আইপিএলের কোনো আনুষ্ঠানিক সম্প্রচারক থাকছে না।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।
সম্প্রতি সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়ে জানায়, স্টার স্পোর্টসসহ যে কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে পারবে। তবে সরকারের এই অবস্থানের পরও মূল স্বত্বাধিকারী জিওস্টার চুক্তি বাতিল করায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে