আমিশা প্যাটেলের বাড়ি থেকে চুরি গেল লাখ টাকার গয়না
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেটের বাড়িতে চুরির ঘটনায় তার মায়ের অভিযোগের ভিত্তিতে এক গৃহপরিচারিকাকে আটক করেছে পুলিশ। ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের একটি হিরের বালা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। চুরি যাওয়া গয়না উদ্ধারে তদন্ত চালিয়ে যাচ্ছে মেরিন ড্রাইভ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে আমিশার মা আশা প্যাটেলের বাড়ি থেকে হিরের বালাটি নিখোঁজ হয়। সে সময় থেকেই বাড়িতে কাজ করা সীমা নামের এক পরিচারিকার ওপর সন্দেহ করেন তিনি। অভিযোগ, গত পাঁচ থেকে ছয় মাস ধরে ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্য বলা হলেও তা পাওয়া যায়নি।
পরে গয়না ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আশা প্যাটেল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং বীরার এলাকা থেকে অভিযুক্ত পরিচারিকাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া হিরের বালাটির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তবে এখন পর্যন্ত গয়নাটি উদ্ধার করা সম্ভব হয়নি। সেটি কোথায় রয়েছে এবং চুরির ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আটকের পর সীমাকে আদালতে হাজির করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তদন্তকারীরা তার আগের কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না, সেটিও যাচাই করছেন।
জানা গেছে, আমিশা প্যাটেলের চার্চগেটের বাড়িতে প্রায় দেড় বছর ধরে কাজ করছিলেন ওই পরিচারিকা। চুরি যাওয়া গয়না উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
মতামত দিন