দাম কমলো উড়োজাহাজের জ্বালানি তেলের
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার দাম ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্টস থেকে কমিয়ে ৬০ সেন্টস নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ ঘোষণা দেন। জানানো হয়, নতুন দর মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে। অন্যান্য কমিশন আগের মতোই থাকবে।
বিইআরসি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে আমদানি মূল্যের ওঠানামার সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হবে। অর্থাৎ, আমদানি মূল্য বাড়লে দাম বাড়বে, কমলে দামও কমে আসবে।
সংবাদ সম্মেলনে বিইআরসির সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে ১৫ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ এর মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর ন্যস্ত করা হয়।
এর পর ২৩ মার্চ প্রথমবারের মতো বিইআরসি গণশুনানির মাধ্যমে জেট ফুয়েলের দাম নির্ধারণ করে। বিপিসি প্রস্তাব করেছিল আন্তর্জাতিক রুটে লিটারে ১ সেন্টস কমানো এবং অভ্যন্তরীণ রুটে ১ টাকা বাড়ানোর।
বিপিসির বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রি হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মেট্রিক টন, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মেট্রিক টনে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে