জেট ফুয়েলের দাম লিটারে বাড়লো ১৭.০৬ টাকা
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জন্য জেট এ-১-এর দাম প্রায় ১০.৩ শতাংশ বাড়ানো হয়েছে।
অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৮২.৭১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৬৫.৬৫ টাকা। অর্থাৎ আগের মাসের তুলনায় প্রতি লিটারে ১৭.০৬ টাকা বা ১০.৩ শতাংশ বেড়েছে। দেশি ও বিদেশি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১.১৮৮২ মার্কিন ডলার। এ দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১.০৭৭০ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ০.১১১২ ডলার বা প্রায় ১০.৩ শতাংশ।
বিইআরসির বুধবার জারি করা এক আদেশে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেট এ-১-এর প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট নিষ্পত্তিতে বিবেচিত মার্কিন ডলারের বিনিময় হার এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যয় উপাদানের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, অক্টোবরের দাম চূড়ান্ত করার আগে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর দাম, বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় পর্যালোচনা করা হয়েছে। বিইআরসির আদেশ অনুযায়ী, সংশোধিত দাম মধ্যরাত থেকে কার্যকর হবে।
সেপ্টেম্বরে বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৫৯.৫২ টাকা থেকে বাড়িয়ে ১৬৫.৬৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম প্রতি লিটার ১.০৩৫৮ ডলার থেকে বাড়িয়ে ১.০৭৭০ ডলার করা হয়েছিল।
মতামত দিন