Views Bangladesh Logo

দেশে আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে আবারও জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্যহার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। ঘোষিত নতুন দাম আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারণ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের দাম ধরা হয়েছে ২৭৭ টাকা ৮ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে (দেশি ও বিদেশি এয়ারলাইন্স) শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৪৮৩৬ মার্কিন ডলার।

এর আগে, গত ২৪ মার্চ এক দফায় অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ পর্যন্ত জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তারও আগে ৮ মার্চ জারি করা প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০.৬২ ডলার থেকে ০.৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের আবেদনের ভিত্তিতে ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারের প্ল্যাটস রেট, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং এলসি নিষ্পত্তি সংক্রান্ত বিষয় বিশ্লেষণ করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

কমিশনের আইন অনুযায়ী জনশুনানি ও সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই বিমান পরিচালনার খরচ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর প্রভাবে যাত্রীদের জন্য বিমান ভাড়াও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ