Views Bangladesh Logo

ইউটিউবে ৪ মিলিয়ন ভিউয়ের ক্লাবে ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

রঙ্গন মিউজিক নির্মিত বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ৪ মিলিয়ন ভিউয়ের মাইফলক অর্জন করেছে।

নাটকটির কাহিনি গড়ে উঠেছে শহুরে জীবনের সম্পর্কের সংকট ও মানসিক দূরত্বকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র ষাটোর্ধ্ব হায়াত সাহেব, যিনি দীর্ঘদিন মফস্বলে চাকরি করে একমাত্র ছেলেকে ঢাকায় প্রতিষ্ঠিত করেছেন। স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য তিনি ছেলের বাসায় ওঠেন। প্রথমদিকে পারিবারিক উষ্ণতা থাকলেও সময়ের সঙ্গে নগরজীবনের ব্যস্ততা ও বাস্তবতার চাপে বাবা-ছেলের সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। জীবনঘনিষ্ঠ এই নাটকে আবেগ, একাকীত্ব এবং বাবা-সন্তানের চিরন্তন সম্পর্কের নানা দিক উঠে আসে।

৪ মিলিয়ন ভিউয়ের মাইফলক স্পর্শ করায় অনুভূতি ব্যক্ত করে পরিচালক অমিতাভ আহমেদ রানা জানান, এটি সত্যিই একটি বিশেষ অর্জন। এটি শুধু সংখ্যার হিসাব নয়, বরং দর্শকদের ভালোবাসা, আস্থা এবং ধারাবাহিক সমর্থনের প্রতিফলন। এই সাফল্য প্রতিটি ভিউয়ের পেছনে থাকা দর্শকদের আগ্রহ ও সংযুক্তির গল্প বলে দেয়। এমন অর্জন কাজের প্রতি আরও দায়িত্ববোধ বাড়িয়ে দেয় এবং সামনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়

এ প্রসঙ্গে পরিচালক সুব্রত মিত্র বলেন, এটি পারিবারিক গল্পের নাটক। বাবা আর সন্তানের সম্পর্কের গল্পের নাটক। তাদের সাধ অনেক কিন্তু সাধ্যটা সীমিত। ছেলের ইচ্ছা করে বাবার জন্য জীবনের পুরোটা দিয়ে দিতে, কিন্তু বাস্তবতা তাকে দাঁড় করায় ভিন্ন এক দেয়ালের সামনে। দশর্ক ও শুভাকাঙ্খীসহ এই যাত্রায় যারা পাশে ছিলেন, দেখা, শেয়ার ও সমর্থন করেছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই এই সাফল্যের মূল শক্তি।

‘যে বাঁধন যায় না ছেঁড়া’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক, শিশুশিল্পী ইব্রাহিমসহ আরও কয়েকজন।

ঢাকার উত্তরা, মিরপুর ও আগারগাঁওয়ের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হয়। মো. জামাল হোসেনের প্রযোজনায় নাটকটির চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন এবং আবহসংগীত করেছেন প্রত্যয় খান। পহেলা বৈশাখের বিশেষ নাটক হিসেবে ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ চ্যানেল আইতে প্রচারিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ