বগুড়ায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত জামায়াত-শিবির
বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রদল নেতা মিলন মিয়াকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বগুড়া-৫( শেরপুর-ধুনট) আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে হামলার শিকার হন মিলন। তিনি ধুনট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, ভোটকেন্দ্রের সামনের সড়ক দিকে হেঁটে যাচ্ছিলেন মিলনসহ কয়েকজন। ওই সময় জামায়াত-শিবিরের ১০-১৫ জন নেতাকর্মী পেছন থেকে মিলনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা।
ধুনট থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এবং পরিদর্শকের (তদন্ত) মুঠোফোনে ব্যবহৃত নম্বর বন্ধ থাকায় তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।
জানতে চাইলে ধুনট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী জানান, ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় এখনও কেউ আটক হয়নি। এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে