Views Bangladesh Logo

সাভারে কিশোরের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া সেই ছাত্রদল নেতা সামির গ্রেপ্তার

সাভারে কিশোর রিপন ঋষিকে মারধর করে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকার মৃত মতিউর রহমানের ছেলে সামির সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। রিপন ঋষিকে মারধরের ঘটনা সামনে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরঘাট এলাকা থেকে সামিরকে গ্রেপ্তার করা হয়। রিপন ঋষির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তিনি। এ ছাড়া সাভার মডেল থানায় তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর সামিরকে সাভার মডেল থানা-পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, সামিরের মারধরের শিকার হয়ে কিশোর রিপন ঋষির দৃষ্টিশক্তি হারানোর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ