Views Bangladesh Logo

যশোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজে সহযোগিতার কথা বলে যশোরের চৌগাছায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।

ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে অভিযুক্ত ছাত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ২২ বছর বয়সী রাব্বি স্থানীয় চৌগাছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রী তার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজের জন্য প্রতিবেশী সম্পর্কের মামাতো ভাই রাব্বির দ্বারস্থ হয়েছিলেন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উপজেলা নির্বাচন কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও সকাল সাড়ে ৯টার দিকে রাব্বি ওই শিক্ষার্থীকে নিয়ে চৌগাছা শহরের উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে ছাত্রীকে ভুল বুঝিয়ে চৌগাছা পৌরসভার আওতাধীন এক পরিচিত ব্যক্তির বাসায় নিয়ে যান রাব্বি। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরবর্তীতে বাড়িতে ফিরে তিনি পুরো বিষয়টি তাঁর মা-বাবাকে জানান। এ ঘটনা জানার পর পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে তাৎক্ষণিকভাবে থানায় উপস্থিত হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পাওয়ার পরপরই চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতেই অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার যশোর আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তবে এ বিষয়ে গ্রেপ্তার হওয়া আরাফাত হোসেন রাব্বির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ