Views Bangladesh Logo

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সাড়া গোপালপুর এলাকার রেললাইনের পাশের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলা ছাত্রদলের সদস্য এবং একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় সোহাগ বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন এসে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথায় ভারী ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ