ডেটিং সাইটে নারীর কণ্ঠে কথা বলতেন পুরুষরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত একটি প্রতারক চক্র। ডেটিংয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারীর পরিচয়ে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরা। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।
পুলিশ সুপার জানান, অনলাইনে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবির একটি দল বিভিন্ন ওয়েবসাইট পর্যবেক্ষণ ও নজরদারি শুরু করে। একপর্যায়ে ‘মেগা পারসোনাল’ নামের একটি ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণার বিষয়টি সামনে আসে। দেশি-বিদেশি বিভিন্ন নম্বর ব্যবহার করে পুরুষদের সঙ্গে যোগাযোগ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। টাকা পাঠানোর পর চ্যাটের অপর প্রান্তে নারীর বদলে চক্রের পুরুষ সদস্যরাই নারী পরিচয়ে কথা বলতেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে শতাধিক ব্যক্তি এ প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কতজনের কাছ থেকে কী পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জব্দ করা মোবাইল ফোন ও ল্যাপটপ আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।
এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে সাতজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। তবে মঙ্গলবার রিমান্ড শুনানি হয়নি।
এদিকে ময়মনসিংহ জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম জানিয়েছেন, নাঈম মণ্ডলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য, নাঈমের পুরো নাম রবিউল ইসলাম এবং সাবেক এক ছাত্রদল নেতার মাধ্যমে তিনি সংগঠনে পদ পেয়েছিলেন।
অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
মতামত দিন