Views Bangladesh Logo

বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করলেন বিএনপির নেতাকর্মীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

রিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতা আসাদুল্লাহ আসাদের হাত ও পায়ের রগ কেটে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।

আসাদ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি ও নিয়ামতি বন্দর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীসহ অন্য নেতাদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে আসাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে শনিবার (৮ মার্চ) রাত দশটার দিকে নিয়ামতি বাজারে তার উপর হামলা হয়। তারা আসাদকে এলোপাতাড়িভাবে কুপিয়ে দুই হাত ও এক পায়ের রগ কেটে দিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যান।

আসাদের দাবি, বিএনপি নেতাদের নেতৃত্বে সাত থেকে আটজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। রাতেই উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলেন, গত দুর্গাপূজার সময় নিয়ামতি বন্দরে এসেছিলেন বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তাকে স্বাগত জানাতে গিয়ে স্থানীয় বাসিন্দা শাহীন স্লোগান দিলে তাকে নিষেধ করেন আসাদ। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে আসাদকে চড় দেন। পরে আসাদ লোকজন নিয়ে শাহিনের ভাইকে মারধর ও জখম করেন। এ ঘটনার মামলায় আসাদ কারাগারেও যান।

তারা বলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকেও বহিষ্কার হয়ে দীর্ঘদিন এলাকায় আসতে পারেননি আসাদ। বোনের বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে এলাকায় আসেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, স্থানীয় দুই দলের বিরোধের জেরে হামলাকারীরা আসাদুল্লাহকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন। মামলা হয়েছে এবং আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ