কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা ছাত্রদলের
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ‘সবসময় রাজপথে’ থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমাবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ১৫ জুলাই একটি কালো অধ্যায় হয়ে থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের আন্দোলনে সবসময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্রদল আন্দোলনরত সব শিক্ষার্থীকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার মূল উৎস অর্থাৎ অবৈধ ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচারভিত্তিক একটি সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে।’
এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তাদের ওপর ছাত্রলীগসহ পুলিশের হামলার প্রতিবাদে বুধবার সারা দেশের বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে