জুলাইয়ে আসছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’
পশ্চিমবঙ্গের প্রশংসিত পারিবারিক নাটক ‘অর্ধাঙ্গিনী’র সাফল্যের পর এবার দর্শকদের জন্য আসছে এর বহুল প্রতীক্ষিত সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। সম্পর্কের জটিল সমীকরণ, অতীতের স্মৃতি এবং বর্তমানের আবেগঘন টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত নতুন এই সিনেমা আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি।
প্রথম ছবিতে এক অসুস্থ মানুষকে ঘিরে তার বর্তমান ও সাবেক স্ত্রীর আবেগময় মুখোমুখি হওয়ার গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। সেই গল্পের ধারাবাহিকতায় নতুন ছবির কাহিনি এগিয়েছে কয়েক বছর পরের সময়কে কেন্দ্র করে। একটি পারিবারিক আয়োজনকে ঘিরে আবারও একত্রিত হয় পরিচিত মুখগুলো। কিন্তু সময়ের ব্যবধান পেরিয়ে এলেও পুরোনো সম্পর্কের অমীমাংসিত প্রশ্নগুলো নতুন করে সামনে চলে আসে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, এবার গল্পের কেন্দ্রে উঠে আসবে কিছু অপ্রকাশিত সত্য এবং পারিবারিক সম্পর্কের নতুন মাত্রা। বিশেষ করে মেঘনার মেয়ে টিকলিকে ঘিরে তৈরি হওয়া একাধিক প্রশ্ন ও আবেগঘন পরিস্থিতি গল্পকে ভিন্ন পথে নিয়ে যাবে। তার পরিচয় ও অতীতের নানা রহস্য উন্মোচনের মধ্য দিয়ে চরিত্রগুলোর জীবনে শুরু হবে নতুন সংকট।
ছবিতে আগের মতোই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানকে। পাশাপাশি নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়, যার চরিত্র গল্পে নতুন মোড় এনে দেবে বলে জানা গেছে।
সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, প্রথম ছবির প্রতি দর্শকদের ভালোবাসা তাদের ওপর বাড়তি দায়িত্ব তৈরি করেছে। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আরও গভীর আবেগ ও সম্পর্কের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে নির্মাতা কৌশিক গাঙ্গুলি জানান, ‘আজও অর্ধাঙ্গিনী’ মূলত মানুষের সম্পর্কের ভাঙাগড়া, অপ্রকাশিত অনুভূতি এবং ব্যক্তিগত সত্যের গল্প। এখানে প্রতিটি চরিত্রই নিজেদের অবস্থান থেকে সঠিক, আর সেই দ্বন্দ্বই ছবির নাটকীয়তাকে আরও গভীর করেছে।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেতে যাওয়া ছবিটি দর্শকদের কাছে আবারও সম্পর্কের এক আবেগময় ও চিন্তাপ্রসূত গল্প তুলে ধরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন