দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পালন করবেন ভারতের জয় শাহ।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তাঁর পুনর্নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। আইসিসির বোর্ড পরিচালকদের সমর্থন পাওয়ায় নতুন মেয়াদেও বৈশ্বিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে থাকছেন জয় শাহ।
পুনর্নিয়োগের প্রতিক্রিয়ায় আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। চেয়ারম্যানের দায়িত্বকে সম্মানের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবেও দেখছেন তিনি। তাঁর ভাষ্য, পরিচালকদের আস্থা ও সহযোগিতা তাঁকে বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নয়নে আরও নিবিড়ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খেলাটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণে আগামী কয়েক বছরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন জয় শাহ। বিশেষ করে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন তিনি। তাঁর মতে, অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটির পরিচিতি বাড়াবে। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আসার সুযোগ তৈরি এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতেও ভূমিকা রাখবে।
তবে শুধু আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই আইসিসির দায়িত্ব সীমাবদ্ধ রাখতে চান না জয় শাহ। খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক অংশীদার এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে খেলাটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ জন্য ক্রিকেটের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বিভিন্ন দেশের অংশগ্রহণ ও সমর্থকগোষ্ঠী বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।
জয় শাহর নেতৃত্বে ক্রিকেটের নারী বিভাগ, সহযোগী সদস্য দেশগুলোর সুযোগ সম্প্রসারণ এবং নতুন বাজারে খেলাটির জনপ্রিয়তা বাড়ানোর বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। আইসিসির চলমান পরিকল্পনার অন্যতম লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে টেকসই খেলায় পরিণত করা।
ক্রিকেটের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিভিন্ন দেশের মানুষকে একসূত্রে যুক্ত করার সক্ষমতার কথা তুলে ধরেছেন জয় শাহ। বোর্ড পরিচালক ও সদস্য দেশগুলোর সম্মিলিত সহযোগিতায় উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চান তিনি। তাঁর প্রত্যাশা, এসব উদ্যোগের সুফল ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকেরাও দীর্ঘদিন ভোগ করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। একই বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মতামত দিন