যে কোনো মূল্যে শনিবারের সমাবেশ করবে জাতীয় পার্টি: জিএম কাদের
অতীতে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করলেও জাতীয় পার্টি ক্ষমতাসীনদের অবৈধ কর্মকাণ্ডে সহযোগী ছিল না বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। একইসঙ্গে যে কোনো মূল্যে শনিবারের সমাবেশ জাতীয় পার্টি করবে বলে জানান তিনি।
জিএম কাদের বলেন, ‘আমাদের ২ নভেম্বরের কর্মসূচি এখনও বহাল রয়েছে। আমাদের জীবনের বিনিময়ে হলেও দেশের ভালোর জন্য লড়াই করে যাবো।’
শুক্রবার (১ নভেম্বর) সকালে বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আগের (আওয়ামী লীগ) সরকারের কোনো বেআইনি কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম না।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। ২০১৪ ও '২৪-এর নির্বাচনে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন করতে বাধ্য করেছিল।’
জিএম কাদের বলেন, ‘১৯৯০ সাল থেকে আমাদেরকে শেষ করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, এখনকার জাতীয় পার্টি নিয়ে যা হচ্ছে তা সেই ষড়যন্ত্রের অংশ। গত কিছুদিন ধরে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর বলে নানা অপ্রচার করছে। আমরা শুরুতে ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এলে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা এখনও চলছে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের রাজনীতি করেছি, আওয়ামী লীগ করেছে তাদের রাজনীতি। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করেছি। তাদের অপকর্মের দায় আমাদের নয়।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শেরিফা কাদের, আলমগীর শিকদার লোটন।
উল্লেখ্য, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে হামলার জবাবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়। ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও বিক্ষুদ্ধরা গাড়ি ফিরিয়ে দেয়। পরে আবার ফায়ার সার্ভিসের গাড়ি এসে ৮টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জাতীয় পার্টির অফিসের নিচতলা পুড়ে যায়। এ ছাড়াও আগুন দেয়ার সময় ছিড়ে ফেলা হয় আশপাশের সব ব্যানার-ফেস্টুন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে