জাপার নেতাকর্মীদের সমর্থন পেলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দলটির স্থানীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানীর নেতৃত্বে এ সমর্থন ঘোষণা করা হয়। এ সময় কয়েকশ নেতাকর্মী সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার প্রধান নির্বাচনি কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন এবং হাঁস প্রতীকের পক্ষে অবস্থান নেন।
এর আগে রোববার দুপুরে প্রচারণায় বাধা, নেতাকর্মীদের হুমকি-ধমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মৃধা। তার ঘোষণার পরদিনই জাপার নেতাকর্মীরা রুমিন ফারহানার পক্ষে সমর্থন জানান।
সমর্থন ঘোষণার সময় উপজেলা জাপার আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা জাপার সভাপতি হানিফ সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম সরকারসহ নির্বাচনি এলাকার ১৯টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আবদুল হামিদ ভাসানী বলেন, দলের মহাসচিব শামীম হায়দার পাটওয়ারীর নির্দেশে তারা হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, এলাকার মানুষ তার কাছে নিরাপদ বোধ করে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাঁস প্রতীকে ভোট দেবেন বলে তারা আশা করছেন।
অন্যদিকে রুমিন ফারহানা অভিযোগ করেন, নির্বাচনের শেষ মুহূর্তে এসে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কালোটাকা ছড়াচ্ছেন, পেশিশক্তি প্রদর্শন করছেন এবং তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধাসহ মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, যার মধ্যে দুজন ছিলেন স্বতন্ত্র। এর আগে জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসেন দলীয় সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট মনোনীত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে