Views Bangladesh Logo

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হত্যাকাণ্ড, চাঁদাবাজি, মন্দিরে হামলা, ধর্ষণ ও জমি দখলের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে এসব সহিংসতা লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

বক্তারা উদাহরণ হিসেবে উল্লেখ করেন, গত ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকারকে হত্যা করা হয়। ১১ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক শুভ করকে হাত-পা বাঁধা অবস্থায় হত্যা করা হয়। ১২ ফেব্রুয়ারি বগুড়ায় সুনীল বানশফরকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং পরদিন গাইবান্ধা সদর এলাকায় সুজন কুমার মহুরিকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলায় এক হিন্দু নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

চলতি মাসেও বিভিন্ন জেলায় হত্যাকাণ্ড, ধর্ষণচেষ্টা, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬ মার্চ বগুড়ার সারিয়াকান্দিতে জমি বিরোধে চয়ন রাজভর নিহত হন এবং ৭ মার্চ কক্সবাজারে গণেশ পালকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করা হয়। একই দিন কুমিল্লার দক্ষিণ ঠাকুরপাড়ায় মন্দিরে পূজার সময় ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ কয়েকজন ভক্ত আহত হন।

বক্তারা এসব ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হিসেবে বর্ণনা করেন এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবের সমালোচনা করেন। তারা দ্রুত তদন্ত, দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সরকারি খরচে আর্থিক সহায়তা এবং সব নাগরিকের জন্য ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মিঠু রঞ্জন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস ও আইনবিষয়ক সম্পাদক উদয় কুমার বসাকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ