যশোরের তিন আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
যশোরের তিনটি আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গে আইনজীবীদের পরিস্থিতির উন্নতি না হওয়ায় বুধবার (৪ মার্চ) আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, বুধবার থেকেই তার আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনজীবীরা জানান, বিচারপ্রার্থীকে কাঙিক্ষত সেবা নিশ্চিত করা ভারপ্রাপ্ত বিচারকের পক্ষে সম্ভব নয়। তার হাতে সর্বোচ্চ ক্ষমতা না থাকায় তিনি পূর্ণাঙ্গ আইনি সেবা দিতে পারেন না। এতে করে আইনজীবী ও বিচারকদের মধ্যে দূরত্ব বাড়ে, যার প্রভাব পড়ে সেবা প্রত্যাশীদের ওপর। পাশাপাশি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আচরণ খারাপ। তাই আইনজীবীরা কোনোভাবেই আর তারা তার এজলাসে অংশ নেবেন না।
আইরিন পারভীনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতও একইসঙ্গে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালতও বর্জনের ঘোষণা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম এম মোর্শেদ বেশকিছু দিন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করলেও তিনি গত সপ্তাহে ঢাকায় বদলি হন। এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব দেওয়া হয়।
আইনজীবীদের অভিযোগ, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের ওপর তাদের ক্ষোভ নেই। তবে তিনি আইনকানুন জানেন না এবং জেলা ও দায়রা জজ হিসেবে অযোগ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে