Views Bangladesh Logo

তীব্র শীতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার ব্যাখ্যা দিলেন যশোর জেলা প্রশাসক

শোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু হওয়ার কথা ছিল গত রবিবার সকাল ১০টায়। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে যথারীতি টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভেন্যুতে উপস্থিত হন। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের আসতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের কুয়াশা আর শীতের মধ্যে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়।

যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভেতর হাফ প্যান্ট আর পাতলা টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকে শিশুরা। এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।

তবে জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম দাবি করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে নিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে।

এ ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি সেদিন পৌনে ৯টায় অফিসে হাজির হই। খেলা উদ্বোধনের সময় ছিল সকাল ১০টা। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে উদ্বোধন অনুষ্ঠান বিলম্ব করা হয়। এসময় শিশুদের গরম কাপড় পরিহিত অবস্থায় শিক্ষকদের তত্ত্বাবধায়নে শ্রেণি কক্ষে রাখা হয়।

তিনি আরও বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আমাকে খবর দিতে বলা হয়। কুয়াশা কেটে রোদ দেখা দিলে আয়োজকরা আমাকে অনুষ্ঠান স্থলে আমন্ত্রণ জানান। আমি উদ্বোধনের ১০মিনিট আগে খেলা স্থলে পৌঁছাই। আমি পৌছানোর ১০মিনিট আগে শিশু খেলোয়াড়দের মাঠের মধ্যে আনা হয়।

জেলা প্রশাসক বলেন, প্রকৃত সত্য না জেনে এমকি আমার বক্তব্য না নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মনগড়া সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন অনলাইন পত্রিকা। যেটা সরকারের মহৎ কর্মকাণ্ডকে বিতর্কিত করা বা ব্যর্থ প্রমাণের চক্রান্তের অংশ।

জানা গেছে,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পিটিআই সুপারিনটেনডেন্ট মো; গোলাম মোস্তফা, চিকিৎসক প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ