Views Bangladesh Logo

সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে তালা দিলেন জাসাস নেতারা

সিলেটের সারদা স্মৃতি হলে অবস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) স্থানীয় নেতা-কর্মীরা। একই সঙ্গে কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন ব্যক্তির ছবি ও সংগঠনের ছবিসংবলিত ফ্রেম সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট জেলা ও মহানগর জাসাসের নেতারা এ কর্মসূচি পালন করেন।

সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান জানান, কার্যালয়টিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গোপন বৈঠক হওয়ার অভিযোগ তাঁদের কাছে ছিল। রোববার রাতে সেখানে এমন একটি বৈঠকের প্রস্তুতির খবর পাওয়ার পর তাঁরা বিষয়টি যাচাই করতে যান। এ সময় কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের অসংখ্য ছবি দেখতে পান। পরে সেগুলো নামিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

রায়হান হোসেন খান আরও বলেন, সরিয়ে নেওয়া ছবির ফ্রেম এবং কার্যালয়ের চাবি সিটি করপোরেশনে জমা দেওয়া হয়েছে। এর আগে কার্যালয়ের সাইনবোর্ডও সরানো হয়েছিল। জায়গাটি সিটি করপোরেশনের অধীন হওয়ায় সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জাসাস নেতাদের অভিযোগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছিলেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সারদা স্মৃতি হলে সংগঠনটির কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমবেত হয়ে সভা করতেন।

এ সময় সিলেট জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ সংগঠনটির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ