Views Bangladesh Logo

অস্কারজয়ী জ্যারেড লেটোর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ৪ নারীর

অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও রক ব্যান্ড থার্টি সেকেন্ডস টু মার্সের প্রধান ভোকালিস্ট জ্যারেড লেটোর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন চার নারী। তাঁরা জানান, ঘটনাগুলো যখন তাঁদের সঙ্গে ঘটেছে তখন তাঁরা কিশোরী বা সদ্য তরুণী ছিলেন। বিবিসির অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ এসব অভিযোগ উঠে এসেছে। তবে সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এই অভিনেতা।

গত বুধবার প্রকাশিত প্রামাণ্যচিত্রটিতে মোট ১০ জন নারী কথা বলেছেন, যাঁদের ৯ জনই প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন। তাঁদের মধ্যে চারজনের অভিযোগ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে বলে বিবিসি জানিয়েছে। একজন বলেছেন, ১৭ বছর বয়সে তিনি যৌন নিপীড়নের শিকার হন। আরেকজন বলেছেন, ১৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় লেটোর সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়—যা ওই অঙ্গরাজ্যের আইনে সম্মতির বয়সের নিচে হওয়ায় ধর্ষণ হিসেবে গণ্য হয়। তৃতীয়জন বলেছেন, ১৯ বছর বয়সে একটি হোটেলকক্ষে একা অবস্থায় তাঁকে যৌন নিপীড়নের হুমকি দেওয়া হয়। চতুর্থ নারীর অভিযোগ, তাঁর বয়স ১৬ থাকার সময় লেটো তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে বারবার যৌন ইঙ্গিতপূর্ণ ফোন করতেন।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাগুলো ঘটে ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে, যখন লেটোর বয়স ছিল ত্রিশ ও চল্লিশের কোঠায়। বর্তমানে তাঁর বয়স ৫৪ বছর। প্রামাণ্যচিত্রে অভিযোগকারীদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবিসি জানিয়েছে, অভিযোগগুলোর কয়েকটি তারা যাচাই করেছে সেই সময়ে ঘটনা জানানো হয়েছিল এমন বন্ধু ও স্বজনদের সঙ্গে কথা বলে। কিছু ক্ষেত্রে অভিযোগের সমর্থনে ছবি ও বার্তা দেখারও দাবি করেছে সংস্থাটি। এক নারীকে পরে একটি গোপনীয়তা রক্ষার চুক্তি (এনডিএ) পাঠানো হয়েছিল, যা তিনি সই করতে অস্বীকার করেন; বিবিসি ওই নথি দেখেছে বলে জানিয়েছে।

লেটোর ব্যান্ডের সঙ্গে দীর্ঘদিন কাজ করা দুই ব্যক্তিও প্রামাণ্যচিত্রে বলেছেন, কিশোরী ভক্তদের সঙ্গে লেটোর মেলামেশা নিয়ে কর্মীদের মধ্যে অস্বস্তি ছিল।

প্রামাণ্যচিত্র প্রকাশের আগে বিবিসি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও লেটো কোনো সাড়া দেননি। পরে তাঁর প্রতিনিধিদের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জীবনে কখনো কারও ওপর যৌন নিপীড়ন চালাইনি। এসব দাবি সম্পূর্ণ ও স্পষ্টভাবে মিথ্যা।’

উল্লেখ্য, লেটোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এবারই প্রথম নয়। গত বছর মার্কিন সংবাদমাধ্যম এয়ার মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে নয়জন নারী তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলেন; তখনো সব অভিযোগ অস্বীকার করা হয়েছিল। তবে এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি।

১৯৯০-এর দশক থেকে অভিনয়ে সক্রিয় লেটো ২০১৪ সালে ‘ডালাস বায়ার্স ক্লাব’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতার অস্কার জেতেন। ‘ফাইট ক্লাব’, ‘ব্লেড রানার ২০৪৯’ ও ‘সুইসাইড স্কোয়াড’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে গড়ে ওঠা তাঁর ব্যান্ড থার্টি সেকেন্ডস টু মার্সের ইউরোপ ও যুক্তরাজ্য সফরের কথা রয়েছে আগামী বছর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ