বুধবার শপথ নিচ্ছেন না জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা
জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার বেলা দেড়টায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, “কাল বুধবার আমরা শপথ নিচ্ছি না। পরশু সকাল ১১টায় আমরা বৈঠকে বসব। বৈঠকের পর জানানো হবে, কী করব। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনার করে ঠিক করা হবে শপথের বিষয়টি।”
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে ৭ জানুয়ারি রোববার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাপা ১১ আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬২ আসন। ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন করে দুজন জয়ী হয়েছেন। কল্যাণ পার্টি ১ আসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে