প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং বাংলাদেশ–জাপান সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করে। পাশাপাশি দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জাপানের বিশেষ দূত সুজুকি নরিকাজু বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বর্তমান সরকারের অগ্রাধিকার হলো তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্যে কৃষি, ইলেকট্রনিকস এবং অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাপানে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে আগ্রহী, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে প্রশিক্ষিত জনবল পাঠানোর সম্ভাবনা রয়েছে।
জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর এসব প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে।
বৈঠকে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প—মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মেট্রোরেল প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল—দ্রুত বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া জাপানের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠক শেষে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীও উপযুক্ত সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে